২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

নিহত আছিয়া খাতুন মুক্তি (২৮) উপজেলার আলমপুর গ্রামের আবু ইয়াহিয়া আনছারীর মেয়ে ও বর্শিভাঙা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

কাজিপুর থানার ওসি আবদুল জলিল জানান, রোববার রাতের কোনো এক সময় মুক্তিকে হত্যা করা হয়। সোমবার সকালে আলমপুর গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

"এ সময় তার মুখে কাপড় বাঁধা ও গলায় রশি প্যাঁচানো ছিল।"

ওসি বলেন, “আলমগীর ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে মুক্তিকে হত্যা করেছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।”

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ১২/১৩ বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে মুক্তির বিয়ে হয়। বিয়ের পরও অন্য মেয়েদের সঙ্গে আলমগীরের সম্পর্ক থাকায় মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

কিছুদিন আগে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান মুক্তি। রোববার রাতে সাত বছর বয়সী ছেলেকে নিয়ে সেখানেই তিনি ঘুমিয়ে ছিলেন।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৌশলে বাইরে থেকে দরজা খুলে ঘরের ভিতর ঢোকে। এরপর মুক্তির মুখ কাপড় দিয়ে বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর লাশ ঘর থেকে বের করে ফেলে দেয়া হয় পাশের ডোবায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।