১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন পর্যবেক্ষণ: সুপারিশ নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপে ইসি

সুপারিশ পরীক্ষা নিরীক্ষা করে ও আলোচনা করে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা কমিশন নিতে পারবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 11:34 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এই সংলাপের কথা জানিয়ে বলেছেন, বেশ কিছু সুপারিশ তাদের হাতে এসেছে।

সেসব সুপারিশ পরীক্ষা নিরীক্ষা করে ও আলোচনা করে স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা কমিশন নিতে পারবে বলে আশা করেন তিনি। 

বুধবার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী সংলাপের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

উদ্বোধনী বক্তব্যে কমিশনার সানাউল্লাহ বলেন, "নির্বাচনের আগে পরে অবজার গ্রুপ, অংশীজনদের মতামত নিয়েছি; সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন আরও কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় সে সুপারিশ আসবে আশা করি।

“সব সুপারিশ পর্যালোচনা করে সামনের নির্বাচনে সংস্কার অগ্রাধিকার ও বাস্তবায়নে চেষ্টা করা হবে।”

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির কাজ করছে ইসি। এরইমধ্যে বিধি সংস্কারে অংশীজনদের মতামত নিচ্ছে।

এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছে আন্তর্জাতিক ও দেশীয় অনেক সংস্থা। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, আনফ্রেল, কমনওয়েলথ পর্যবেক্ষক দল তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে।

এ ধারাবাহিকতায় অংশীজনদের সঙ্গে পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে বুধবার আলোচনা হচ্ছে।

স্থানীয় পর্যবেক্ষক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, নির্বাচন কর্মকর্তাসহ  অর্ধশতাধিক প্রতিনিধি, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইন্টারন্যাশনাল ফাইন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (আইএফইএস) এর যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ সংলাপে অংশ নিচ্ছেন।

গণতন্ত্রের উত্তরণে এ ধরনের আলোচনা চলমান প্রক্রিয়া বলে জানিয়েছেন ইসি কমিশনার সানাউল্লাহ।

তার কথায়, "নির্বাচনের পরে যেসব সুপারিশ এসেছে তা আমরা মূল্যায়ন করছি, যাতে এ ধারাবাহিকতা এগিয়ে নিতে পারি। আগামী দুদিন অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও আমরা কাজে লাগাবো। সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, সবার সহযোগিতা কামনা করি।"

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচনের আগে-পরে নির্বাচন কমিশনের সঙ্গে নানা ধরনের আলোচনা, সহায়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, "ইতোমধ্যে আমাদের রিপোর্টে সুনির্দিষ্ট ১৯টি সুপারিশ তুলে ধরেছি। এ কর্মশালার মাধ্যমে আলোচনা করে আরও সুপারিশ আসবে আশা করি। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো কাজে লাগাতে হবে। অংশীজনরা গনতান্ত্রিক নির্বাচনে ভূমিকা রেখেছে। নির্বাচন কমিশন সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ সুপারিশ  যাতে এগিয়ে নিয়ে যাবে আশা করি।"

ইউরোপিয়ান পার্টনারশিপ ডেভেলপমেন্টের (ইপিডি) এর মাইকেল লিডার স্বাগত বক্তব্যে বলেন, "ইতোমধ্যে অনেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। সবাইকে একত্রে নিয়ে এ কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে সহায়তা করবে। স্থানীয় নির্বাচনে কাজে লাগবে।"

দুদিনের এ সংলাপে বিভিন্ন সেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, মাননীয় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ মহোদয় উপস্থিত থাকছেন