২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 09:46 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

নিহত হাবিবুর রহমান (৪০) উপজেলার পাখিউড়া গ্রামের বাসিন্দা।

রৌমারী থানার ওসি শামিম হাসান সর্দার জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাখিউড়া বাজারে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে ওই গ্রামের জিয়াউর রহমান (২৫), শওকত আলী (৩২), সহিবুর রহমান (৪০), ওয়াজেদ আলী (৪০), মিজানুর রহমানকে (৩৮) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, নিহতের ছোট ভাই এন্তাজ আলী এ ঘটনায় রৌমারী থানায় একটি মামলা করেছেন।

মামলার নথি ও গ্রামবাসীদের উদ্ধৃত করে তিনি জানান, দুই বছর আগে পূর্ব পাখিউড়া গ্রামের ৪০ জন মিলে একটি সমিতি গঠন করেন। পরে সমিতি নিয়ে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে গত রোজার শুরুতে সমিতির কার্যক্রম বন্ধ করে দিয়ে জমানো টাকা সদস্যদের মধ্যে ভাগ করে দেয়ার সিদ্ধান্ত হয়।

হাবিব সমিতির সদস্য হিসাবে পাওনা টাকার জন্য সমিতির সভাপতি ওয়াজেদুলকে চাপ দিয়ে আসলেও টাকা না দিয়ে টালবাহানা শুরু করেন তিনি।

বৃহস্পতিবার রাতে পাখিউড়া বাজারে পাওনা টাকা নিয়ে ওয়াজেদুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় হাবিব। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর আহতদের রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।

রৌমারীর ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।