শীতলক্ষ্যা দূষণের দায়ে জরিমানা
শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণঞ্জে দুটি ডাইং কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার ঢাকায় অধিদপ্তরের সদর দপ্তরে কারখানার মালিক/প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে এ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানা দুটি ইটিপি চালু না করে অপরিশোধিত তরল বর্জ্য পরিশোধন ড্রেনের মাধ্যমে পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতে ফেলে নদীর পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধন করছিল।
এ কারণে ইউনিটি কম্পোজিট লিমিটেডকে ১০ লাখ টাকা এবং ইটিপি নির্মাণ ব্যতীত ডাইং কার্যক্রম পরিচালনার অপরাধে ফাইভ এস কম্পোজিট মিলস লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের শুনানিতে প্রতিষ্ঠান দুটির উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
