২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে প্রেমিকাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 04:39 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জামাল (২৬) নেত্রকোনা জেলা সদরের দাপুনিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

তিনি কারাগারে রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, দাপুনিয়া গ্রামের ফুল মিয়ার মেয়ে স্বপ্নার (২৬) সঙ্গে একই এলাকার জামালের প্রেমের সম্পর্ক ছিল। দুজনে ঢাকায় একই গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো। বিয়ের প্রলোভন দেখিয়ে জামাল স্বপ্নার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।

২০১০ সালের ২৩ নভেম্বর বিয়ের কথা বলে ঢাকা থেকে বাড়িতে আসছিল দুজন। রাত সাড়ে ১২টার দিকে ভৈরব দুর্জয় মোড় এলাকায় বাস থেকে নেমে জামাল কৌশলে স্বপ্নাকে একটি সিএনজি স্টেশনের পাশে নিয়ে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে। পরদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্বপ্নার মৃতদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে ভৈরব থানার এসআই সজল কান্তি বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ২৪ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দেয়।

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

এ দিকে স্ত্রী হত্যা মামলায় মলাই মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

বুধবার কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মলাই মিয়া কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর এলাকার হাছু মিয়ার ছেলে। তিনি কারাগারে রয়েছেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০২ সালের ২৩ ডিসেম্বর কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মলাই মিয়া  স্ত্রী হেনা খাতুনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বাবা মোগল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।