২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পাস বেড়েছে, পূর্ণ জিপিএ ৪৪৭৪

এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস করেছে ৭৪ দশমিক ১৪ শতাংশ, যা গতবারের চেয়ে দুই দশমিক ২০ বেশি। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৪ জন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 03:10 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৭১ দশমিক ৯৪।

বুধবার ফলের পরিসংখ্যান তুলে ধরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বোর্ডে এবার পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৭৪। আর ছাত্রের পাসের হার ৭২ দশমিক ৬৩।

তবে পূর্ণ জিপিএ পাওয়ার হিসাবে ছাত্ররা এগিয়ে। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২ হাজার ৫৭২ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ৯০২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৫৪১টি কলেজ থেকে এবার পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৩৭৩ জন। পাস করেছেন ৭১ হাজার ৯৪০ জন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ১৫ হাজার ৬২৮, মানবিক বিভাগে ৪২ হাজার ১৯৬ এবং বাণিজ্য বিভাগে ১৪ হাজার ১১৬ জন।

শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা ১৭টি এবং একজনও পাস করেনি এমন কলেজের সংখ্যা ৭টি।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে শীর্ষে রয়েছে রংপুর ক্যান্ট পাবলিক স্বুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর হলিল্যান্ড কলেজ।