কিশোরগঞ্জে ২ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের ভৈরবে দোকান কর্মচারী রবিন (১২) হত্যা মামলায় ওই দোকানের অপর দুই কর্মচারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের মাসুদ (২০) ও কমলপুর গ্রামের জুয়েল (১৯)।
মামলার নথি থেকে জানা যায়, ভৈরবের হাজী মার্কেটের এক জুতার দোকানের কর্মচারী ছিল মাসুদ, জুয়েল ও ভৈরবের গাছতলাপাড়া গ্রামের রবিন। ২০১০ সারের ২২ মে রাতে কাজ শেষে একই সঙ্গে তিনজন দোকানে ঘুমিয়ে পড়ে।
পরদিন সকালে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রবিনের জবাই করা লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রবিনের বাবা রমিজউদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই মাসুদ ও জুয়েলকে গ্রেপ্তার করে।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক এবং আসামিপক্ষে জীবন কুমার রায় ও মিয়া মো. ফেরদৌস মামলাটি পরিচালনা করেন।
