২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য দুঃখজনক: যোগাযোগমন্ত্রী

সাংবাদিকদের কটাক্ষ করে দেয়া সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তব্য দুঃখজনক ও অশোভনীয় বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 06:02 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জিরানীতে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের খবিশ ও চরিত্রহীন বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

বিএনপির আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, জনগণ যদি আন্দোলনের নিয়ামক হয়, তাহলে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।

জনসম্পৃক্ততাহীন বিএনপির আন্দোলন অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খাচ্ছে বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রোজার ঈদের পর কঠোর আন্দোলন করা হবে বলে বিএনপি যে হুমকি দিয়েছে তার তেমন কোন আভাস দেখা যাচ্ছে না। হয়ত তারা কিছুদিন বাদে বলবেন কোরবানীর ঈদের পর আন্দোলন গড়ে তোলা হবে।

পরে মন্ত্রী সড়কে চলাচলকারী যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এনামুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন প্রমুখ।