২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর অপসারণ চেয়ে সিলেটে মানববন্ধন

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের সাংবাদিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 02:06 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এই মানববন্ধন করেন।

গত শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বক্তব্যে সাংবাদিকদের ‘খবিশ ও রাবিশ’ বলে গালাগালির পাশাপাশি সাংবাদিকদের কণ্ঠরোধের হুমকি দিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেন সৈয়দ মহসিন আলী।

মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ওইদিন থেকে তার সকল খবর বর্জন ও স্থানীয় পত্রিকাগুলোতে মঙ্গলবার থেকে এক ইঞ্চি দুই কলাম জায়গা খালি রাখার কর্মসূচিও পালন করেন সিলেটের সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের সম্পর্কে নারী ও শিশুদের সামনে যে অশালীন বক্তব্য দিয়েছেন তা কোন সুস্থ মানুষের বক্তব্য হতে পারে না।

ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জন্য মন্ত্রী সিলেটের সাংবাদিকদের কাছে প্রকাশ্যে ক্ষমা  না চাইলে তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

সৈয়দ মহসিন আলী সিলেটবাসীর জন্য ‘ক্ষতিকর’ উল্লেখ করে তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করার দাবি জানান তারা।

মানববন্ধনে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কালের কণ্ঠের ব্যুরো প্রধান আহমেদ নূর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমরসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।