২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশার টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ

নাটোরের লালপুরে নেশার টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 10:20 AM

Updated : 22 Aug 2022, 06:53 PM

ঘটনার পর পালানোর সময় স্বামীকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

নিহত চম্পা খাতুন (২০) উপজেলার দিওরপাড়া গ্রামের ফকির সর্দারের মেয়ে এবং ধনঞ্জয়পাড়া গ্রামের রুহুল আমিনের (২৬) স্ত্রী।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, পেশায় চানাচুর বিক্রেতা আমিন গাঁজাসহ নানা ধরনের মাদকে আসক্ত বলে অভিযোগ করেছেন চম্পার মামাতো ভাই নাসির উদ্দিন।

নাসিরের অভিযোগ, সাত বছর আগে ৪০ হাজার টাকা যৌতুকে আমিনের সঙ্গে চম্পার বিয়ে দেয়া হয়। বিভিন্ন সময়ে নেশার টাকার জন্য চম্পাকে মারধর করতেন আমিন।

নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানান, সোমবার সন্ধ্যায় আমিন টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে বেদম লাঠিপেটা করে।

“চম্পা অচেতন হয়ে পড়লে তার মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়। পরে স্থানীয় এক চিকিৎসককে ডেকে চিকিৎসা দেয়া হলে সংজ্ঞা ফিরে পান চম্পা। উন্নত চিকিৎসার জন্য ট্রেনে করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে মারা যান তিনি।”

মৃতদেহ নিয়ে বাড়ি এসে পালানোর সময় এলাকাবাসী রুহুল আমিনকে আটক করে পুলিশে খবর দেয়।

তবে আমিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, “আমার স্ত্রী রাগ করে কীটনাশক খেয়ে মারা গেছে।”