সাধারণের কথা শুনবেন চট্টগ্রামের পুলিশ কর্তারা
প্রতি সপ্তাহের বুধবার সাধারণ মানুষ ও শ্রমিক-মালিকদের অভিযোগ শুনবেন চট্টগ্রামের মহানগর ও শিল্প পুলিশের কর্মকর্তারা।
তাদের কাছ থেকে আসা অভিযোগের যেসব সমাধানযোগ্য সেগুলো তাৎক্ষণিকভাবে সুরাহা করারও চেষ্টা করবেন তারা।
নগর পুলিশের সদরদপ্তরের পাশাপাশি বিভিন্ন জোনের উপ-কমিশনারদের কার্যালয় এবং শিল্প পুলিশের চট্টগ্রাম কার্যালয়ে এসব অভিযোগ শোনা হবে।
এ বিষয়ে এরইমধ্যে সব উপ-কমিশনারের কাছে গণশুনানির বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কর্মকর্তারা সরাসরি জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ শুনে সমাধানযোগ্য বিষয়গুলোর সুরাহা করবেন।
উত্তর, দক্ষিণ, বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনাররা নিজেদের জোনে এবং কমিশনার, দুই অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা উপ-কমিশনার সিএমপি সদরদপ্তরে অভিযোগ শুনবেন বলে শহীদুর রহমান জানান।
গত ৭ এপ্রিল বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সরাসরি অভিযোগ শুনে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।
এ পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর থেকে একটি নির্দেশনা দেয়া হয় বলেও জানান তারা।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহামেদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে থেকেই শিল্প পুলিশ কর্মকর্তারা মালিক-শ্রমিকদের বিভিন্ন অভিযোগ শুনে তার সমাধান ও পরামর্শ দিয়ে থাকত।
“এখন থেকে প্রতি বুধবার বেলা ১১টা থেকে রুটিন করে শ্রমিক-মালিকদের বিভিন্ন অভিযোগ শোনা হবে।”
কোনো শ্রমিক বা মালিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দিলে তাও আমলে নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে ঈদের আগে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা ও অভিযোগ শুনে তা সমাধান করা হয় বলেও দাবি করেন শিল্প পুলিশের এ কর্মকর্তা।
