২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই বোন

নওগাঁর সাপাহারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই বোন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

সোমবার উপজেলার খঞ্জনপুর মোড় (কাশিতাড়া) গ্রামে বিয়ের আসরে গিয়ে মেয়ে দুটির বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।

সাপাহার থানার এসআই মনিরুল ইসলাম জানান, খঞ্জনপুর তালকুড়া আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও তার ছোট বোনের (১২) সঙ্গে পাতাড়ী ও কুচিন্দরী গ্রামের দুই ছেলের বিয়ে ঠিক করে তিন পরিবার। 

সে অনুযায়ী বিয়ে বাড়িতে গরু-খাসি জবাই হয়, বর পক্ষও হাজির হয়।

বিষয়টি গোপনে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ওই বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান এরপর পুলিশ ও স্থানীয় গণ মাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান এবং দুই বোনের অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে অবগত করে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে না দেয়ার মুচলেকা নেন বলে এসআই মনিরুল জানান।