রাজশাহীতে পদ্মা থেকে ২ লাশ উদ্ধার
রাজশাহী নগরীর বুলনপুর এলাকার পদ্মা নদী থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজপাড়া থানা পুলিশ সোমবার দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তাদের একজন নারী ও একজন পুরুষ জানিয়ে নগরীর রাজপাড়া থানার ওসি খান মোহাম্মাদ এরফান বলেন, “মৃতদেহ দুটির পরিচয় পাওয়া যায়নি। লাশ গলে যাওয়ায় তাদের বয়সও বোঝা যাচ্ছে না। চার থেকে পাঁচ দিন আগে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বুলনপুর আইবাঁধের পাশে পদ্মার তীরে একটি এবং সেখান থেকে প্রায় তিনশ’ গজ দূরে আরেকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বেলা পৌনে ২টার দিকে মৃতদেহ দুটি উদ্ধার করে।
পুরুষটির পরনে সাদা শর্ট পাঞ্জাবি ও লাল হাফ প্যান্ট ছিল। তবে নারীর শরীরে কোনো পোশাক ছিল না জানিয়ে ওসি এরফান বলেন, “তাদের শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তবে ওই নারীর ডান হাতের উপরের দিকে উল্কি এবং ভারতীয় পতাকার ছাপ রয়েছে।”
