সিইউএফএল জেটিঘাটে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরে সিইউএফএল জেটিঘাটে জাহাজ থেকে পণ্য নামাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নিহত ফয়সাল (২৬) পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার চর রাঙ্গামাটিয়ার মো. মিজানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইউএফএল জেটি ঘাটে ইৎনলাকো এক্সপ্রেস নামের একটি জাহাজ থেকে সার নামানোর কাজ করছিলেন ফয়সাল।
“সারের বস্তা মাথায় নিয়ে জাহাজের হেজ (পণ্য রাখার স্থান) থেকে নামার সময় পা ফসকে তিনি জেটিতে পড়ে যান। মাথায় থাকা বস্তার তার গায়ের ওপর পরে।”
গুরুতর আহত ফয়সালকে বিকাল সাড়ে ৪টায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
