২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানের হাতে গৃহবধূ লাঞ্ছিত

বরগুনার বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধার বিরুদ্ধে গৃহবধূকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 04:06 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু জানান, বামনা উপজেলা পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার হোগলপাতি গ্রামের এই গৃহবধূকে (৩০) তার শশুর ও ভাসুরের সামনে চড়থাপ্পর মারেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান লিটু।

লাঞ্ছিত ওই গৃহবধূ জানান, মহারাজ নামের এক ব্যক্তিকে জমির বায়না বাবদ চার লাখ টাকা দেয়া হলেও তিনি সময়মতো দলিল না দিয়ে উল্টো উপজেলা পরিষদে তার বিরুদ্ধে টাকা পাওয়ার মিথ্যা অভিযোগ করেন।

বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের রুমে ডেকে নিয়ে চেয়ারম্যান লিটু উত্তেজিত অবস্থায় তাকে চড়, ঘুষি ও অশ্লীল মন্তব্য করেন।

বামনা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু বলেন, “এ ঘটনার পর গৃহবধূর চলে যাওয়ার সময় বিষয়টি মীমাংসার জন্য চেয়ারম্যানের রুমে নিয়ে আসি। চেয়ারম্যান চড় মারার জন্য দুঃখ প্রকাশ করেন।”

চেয়ারম্যানের চড় মারা ঠিক হয়নি বলে জানান তিনি।

উপজেলা  চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, “তাকে আমি ধমক দিয়েছি। চড় মারার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।”