হবিগঞ্জে সড়কে গেল ২ প্রাণ
হবিগঞ্জের লাখাই ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাজার পাহারাদারসহ দুই জন নিহত হয়েছেন।
এছাড়া ভোর ৪টার দিকে নবীগঞ্জের শিবপুর বাজার এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মারা যান এক প্রহরী।
সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।
লাখাইয়ের দুর্ঘটনায় নিহত দেওয়ান আলী (৩০) উপজেলার মুড়াকড়ি গ্রামের মরম আলীর ছেলে। এ ঘটনায় আহত চন্দন শীল (৪০) ও পাবেল মিয়াকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জের ট্রাক চাপায় নিহত শহীদুল ইসলাম (৬০) উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা।
লাখাই থানার ওসি আলী ফরিদ জানান, মুড়াকড়ি এলাকা থেকে একটি অটোরিকশা চার যাত্রী নিয়ে হবিগঞ্জ যাচ্ছিল। হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকায় আসলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেটি দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশার চালকসহ আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী দেওয়ান আলীকে মৃত ঘোষণা করেন।
বাস ও অটোরিকশা আটক করা হলে বাস চালক পলাতক বলে জানান লাখাইয়ের ওসি।
অপরদিকে নবীগঞ্জের শিবপুর বাজার এলাকায় ট্রাক চাপায় নিহত বাজার পাহারাদার শহীদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
