২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই জাহিদের বিরুদ্ধে আরেকটি মামলা

থানায় এনে এক ঝুট ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার মিরপুর থানার এসআই জাহিদুর রহমানের বিরুদ্ধে আরেক যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 12:04 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

গত ৮ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় ইরানী ক্যাম্পে ওই নির্যাতনের পর মারা যাওয়া যুবক জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন।

নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫ ধারায় করা মামলায় জাহিদ ছাড়াও অন্য আসামিরা হলেন পল্লবী থানার ওসি  জিয়াউর রহমান, এসআই আব্দুল বাতেন, রাশেদ, শোভন কুমার সাহা, কনস্টেবল নজরুল, পুলিশের সোর্স সুমন ও রাসেল।

ঘটনার সময় জাহিদসহ আসামি পুলিশের অন্য সদস্যরা পল্লবী থানায় কর্মরত ছিলেন।

শুনানি শেষে বিচারক মো. জহুরুল হক অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস কুমার পাল।

মামলার আর্জিতে বলা হয়, ঘটনার রাতে ইরানী ক্যাম্পে বিল্লাল নামে এক ব্যক্তির গায়ে হলুদ অনুষ্ঠান ছিলেন নিহত জনি, তার ভাই রকিসহ অন্য সাক্ষিরা।

রাত ২টার দিকে পুলিশের সোর্স আসামি সুমন মাতাল অবস্থায় গায়ে হলুদের মঞ্চে উঠে মেয়েদের উত্যক্ত করছিল। এক পর্যায়ে জনি তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন।

কিন্তু সুমন আবারও একই কাজ করলে জনির সঙ্গে তার ঝগড়া হয়। পরে জনি সুমনকে চড় মারলে সে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

আধা ঘণ্টা পর এসআই জাহিদসহ ২৫/২৬ জন পুলিশ ও লোকজন নিয়ে এসে বিয়ে বাড়িতে চড়াও হয় সুমন। তারা সেখানে ভাঙচুর করে এবং নিহত জনি, রকিসহ কয়েকজনকে ধরে থানায় নিয়ে যায়।

আর্জিতে বলা হয়, জনিকে পল্লবী থানার হাজতে নিয়ে এসআই জাহিদসহ অন্য আসামিরা হকিস্টিক, ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মারধর করে এবং জনির বুকের ওপর উঠে লাফায়।

জনি সে সময় পানি পান করতে চাইলে জাহিদ তার মুখে থুথু ছিটিয়ে দেন বলে অভিযোগ করা হয়।

নির্যাতনে রকি জ্ঞান হারিয়ে ফেলেন আর জনিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার আর্জিতে আরও উল্লেখ করা হয়, নির্যাতনে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আসামিরা পল্লবীর ইরানী ক্যাম্প ও রহমত ক্যাম্পের মধ্যে মারামারির মিথ্যা কাহিনী তৈরি করে।

ওই মারামারিতেই রকিসহ কয়েকজনকে গুরুতর আহত ও জনি নিহত হন উল্লেখ আসামি এসআই শোভন কুমার সাহা পল্লবী থানায় একটি মামলা করেন।

আর ওসি জিয়াউর রহমান ওই মামলাটিকে এজাহার হিসাবে গ্রহণ করে ঘটনাটি ভিন্নখাতে নিয়ে যান বলে অঅর্জিতে উল্লেখ করা হয়েছে।

ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে মিরপুর থানায় এনে নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন এসআই জাহিদুর রহমান।