২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপশাসন ঢাকতে সম্প্রচার নীতিমালা’

‘অপশাসন’ ঢাকতে সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 11:14 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট-১৯৭৩ সংশোধন করে সরকার যে নীতিমালা করেছে তা সব গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে।

“এটা সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অশুভ প্রচেষ্টা। এই নীতিমালার মাধ্যমে টকশোও সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যাবে।”

“বর্তমান সরকার জনগণের সমর্থনবিহীন সরকার। সরকারের দুর্নীতি, অপশাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে জনসম্মুখে প্রকাশ না পায়, সেকারণে নতুন সম্প্রচার নীতি প্রণয়ন করা হচ্ছে।”

এই নীতিমালা বাতিলের দাবি তোলা বিএনপি সমর্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আইনজীবীদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করেন খন্দকার মাহবুব।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গত ৪ অগাস্ট টেলিভিশন ও রেডিওর জন্য ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার তার গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

বাংলাদেশে প্রথম এই পূর্ণাঙ্গ নীতিমালা গণমাধ্যমের কণ্ঠরোধ করবে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণের প্রশ্নই আসে না।

সরকার এবং সরকারের বাইরের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নীতিমালা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “মন্ত্রিসভা মনে করে, এটি একটি ভালো নীতিমালা হয়েছে এবং সম্প্রচার শিল্পের জন্য এটি ভালো উদ্যোগ।”

বাংলাদেশে এতদিন সম্প্রচার মাধ্যমের জন্য পূর্ণাঙ্গ কোনো নীতিমালা না থাকায় সম্প্রচার মাধ্যমের লাইসেন্স দেয়া এবং তাদের পরিচালনা পদ্ধতি নিয়ে বেশ সমালোচনা ছিল।

এ নীতিমালার আলোকে একটি আইন করা হবে, যার মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

স্বাধীন এই কমিশন লাইসেন্স প্রদান, লাইসেন্স ফি নির্ধারণ, সম্প্রচার কার্যক্রম তদারক করবে। এই কমিশনে সাংবাদিকরাও থাকবেন।