চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সৈয়দ হোসেন সাইদ (২৪) পটিয়া কলেজ শাখা শিবিরের সভাপতি।
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, সাইদের বাড়ি সাতকানিয়া হলেও পটিয়ায় অবস্থান করে ইসলামী ছাত্র শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারের পটিয়া শাখা পরিচালনা করতেন তিনি। নগরীতে নাশকতা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইদের কাছ থেকে ছাত্রশিবিরের ২০টির মতো চাঁদা তোলার রশিদ বই পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
