২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম হত্যাচেষ্টা: জামিন পেয়েছেন স্ট্যামফোর্ডের হান্নান ফিরোজ

ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ কে এম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম এ হান্নান ফিরোজ জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 06:20 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আদালতের পেশকার ইফতেখার হাসান জানান, এ মামলায় অভিযোপত্র হওয়া পর‌্যন্ত হান্নানকে জামিন দেয়া হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এর আগে দুইবার হান্নানের জামিন আবেদন নাকচ করেছিল।

আদালতে হান্নানের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “হান্নান ফিরোজ দেশের অন্যতম শিক্ষাবিদ। কয়েকদিনের মধ্যে তার মেয়ের বিয়ে। তিনি কারাগারে অসুস্থ।”

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটির শাহ আলম তালুকদার।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচালক এনামুল হক শামীম গত ১৯ জুন সকালে অফিসে যাওয়ার সময় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের পাশে দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরদিন শামীমের চাচা নাসির উদ্দিন ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

এরপর পৃথক অভিযানে ওই হামলায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব।

এদের মধ্যে রানা হাওলাদার নামে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হান্নান ফিরোজের নাম উঠে আসে। গত ১৬ জুলাই ভোররাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর হান্নানকে দুই দফায় আট দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

রিমান্ড শেষে কারাগারে হান্নান ফিরোজ