নরসিংদীতে বাস দুর্ঘটনার কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হওয়ার ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিন্নাত রেহেনা, শিবপুরের ইউএনও আশরাফুল আবছার ও শিবপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেনকে নিয়ে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে।
কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের কারারচরে সিলেট থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মনোহরদীগামী মেঘালয় পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়।
সংঘর্ষ ও সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন নিহত হন। আহত হন আরো ৪০ জন।
নিহতের মধ্যে ঘটনাস্থলে চারজন, নরসিংদী জেলা হাসপাতালে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপর তিনজন মারা যান।
এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এরা হলেন- সোহাগ পরিবহনের চালক বাসির মিয়া (৪০), মেঘালয় পরিবহনের চালক সাইফুল ইসলাম (৩৫), যাত্রী সোহানা আক্তার (১৮), নূরজাহান বেগম (৫০), মজনু মিয়া (৬০)।
পরিচয় সনাক্ত না হওয়ায় আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের লাশ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নরসিংদী সদর হাসপাতাল মর্গে ছিল।
