২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

সিলেটের কানাইঘাটে জমির দখল নিয়ে সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 02:12 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, কানাইঘাটের কালিজুরি পূর্ব কুছাই গ্রামের মছন আলীর ছেলে আলী আহমদ আলাই (৪০) ও বশির আহমদ (৩৬)।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানান, বন বিভাগের একখণ্ড জমির দখল নিয়ে কালিজুরি পূর্ব গ্রামের কুছাই এলাকার আব্দুল হাসিম ও আব্দুর রহিম পক্ষদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেলে ওই জমির দখল নিতে গিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আহমদ আলাই ও বশির আহমদ মারা যান।”

এ ঘটনায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি আউয়াল।

আটককৃতরা হলেন, কালিজুরি পূর্ব কুছাই গ্রামের মনির আলী, করিম উদ্দিন, কবির উদ্দিন, রহিম উদ্দিন, এখলাছ উদ্দিন, মঞ্জুর আহমদ ও লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমান।