২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরার চালের গাড়ি আশুগঞ্জ ছেড়েছে

বিনা শুল্কে বাংলাদেশের উপর দিয়ে পাঁচ হাজার ৮০ মেট্রিক টন চালের গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ত্রিপুরা রওনা দিয়েছে বুধবার সন্ধ্যায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 09:46 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

এর আগে বিকাল ৩টায় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে এ খাদ্য শস্য কাভার্ড ভ্যানে তোলা হয়।

বাংলাদেশি পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজকে এ কার্যাদেশ দেয়া হয়েছে।

গালফ ওরিয়েন্ট সিওয়েজের জিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া স্থলবন্দর সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাওয়ায় কাভার্ড ভ্যানগুলো পথে সোহাগপুরে অপেক্ষা করছে। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত এ চাল পরিহন করতে পুলিশের বিশেষ প্রহরা দেয়া হচ্ছে।

কলকাতার ডায়মন্ড হারবার পোর্ট থেকে প্রথম দফায় পাঁচ হাজার ৮০ মেট্রিক টন খাদ্য নিয়ে আসা পাঁচটি কার্গো জাহাজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে।

তিনি আরো জানান, ভারতের অন্ধ্র প্রদেশের কাঁকিনাড়া থেকে এসব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৩৫০ কিলোমিটার নৌপথ ও ৪৫ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোনো প্রকার শুল্ক ও ব্যাংক গ্যারান্টি ছাড়াই এ খাদ্য শস্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারত যাচ্ছে।

ভারতের আসাম রাজ্যের লামডিং-শিলচর রেলপথ বন্ধ থাকায় ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খাদ্যশস্য পরিবহনের জন্য ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ সরকার ভারতকে এ সুবিধা দিচ্ছে বলে জানান তিনি।

আশুগঞ্জ থানার ওসি মো. আবু জাফর জানান, পর্যায়ক্রমে ১০ হাজার মেট্রিক টন চাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের আখাউড়া সীমান্ত অতিক্রম করিয়ে দেয়া হবে।

আশুগঞ্জ বন্দর জেটিতে ভারতীয় মালামাল প্রহরার জন্যে একটি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে বলেও তিনি জানান।