দুদকের সচিব বদলে দিল সরকার
মো. হুমায়ুন খালিদের নিয়োগ বাতিল করে দুর্নীতি দমন কমিশনে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দুদকের সচিব নিয়োগ দেয়া হয়েছে।
হুমায়ুন খালিদকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। এই পদটিও সচিব পদমর্যাদার।
গত ২০ জুলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ুন খালিদকে দুদকের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ করার দুদকের নিজস্ব আইন অনুসরণ না করার কারণ দেখিয়ে ওই কর্মকর্তাকে গ্রহণ করেনি সংস্থাটি।
আইনের এই ধারা মেনেই এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয় দুদকের সঙ্গে আলোচনা করে সচিব নিয়োগ দিয়ে আসছিল।
কিন্তু আলোচনা ছাড়াই হুমায়ুন খালিদকে নিয়োগ দেয়ায় তার ব্যাপারে আপত্তি ছিল কমিশনের।
ফলে হুমায়ুন খালিদের নিয়োগ আদেশ বাতিল করে মাকসুদুলকে নিয়োগ দেয়া হলো।
দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের সঙ্গে আলোচনা করেই মাকসুদুল হাসানকে দুদকের ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।”
গত ১৫ জুলাই মো. ফয়জুর রহমান চৌধুরীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বদলি করার পর থেকে দুদক সচিবের পদটি ফাঁকা ছিল।
এর আগে ২০০৫ সালে আলোচনা ছাড়াই সংস্থাটির সচিব পদে অতিরিক্ত সচিব রেজা-ই-রাব্বিকে নিয়োগ দেয়া হলে তাকে ফেরত পাঠিয়েছিল কমিশন।
