২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক তোবাকর্মীদের

বৃহস্পতিবারের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে আগামী শনিবার সারা দেশে সব গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 06:21 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

এছাড়া বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

এই কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু বুধবার বিকালে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে তোবা গ্রুপের কারখানার ছয়তলায় দাঁড়িয়ে মাইকে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন, কারখানার নিচে সংবাদ সম্মেলন করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

পুলিশ সকাল থেকেই হোসেন মার্কেটের প্রধান ফটকে অবস্থান নিয়ে আছে।

দুপুরে ভবনে ঢুকে ২০ থেকে ২৫ জন আন্দোলনকারীকে ‘বহিরাগত’ আখ্যায়িত করে বের করে দেয় পুলিশ।

কর্মসূচি ঘোষণার সময় তোবার আন্দোলনরত শ্রমিকরা নিচে চিরকূটে ফেলে জানায়, মালিকপক্ষ বা বিজিএমইএ যদি কারখানায় এসে বকেয়া পরিশোধ করে, তাহলে দুই মাসের বেতন নিতেও তাদের আপত্তি নেই।

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত নয় দিন ধরে বাড্ডার হোসেন মার্কেটে কারখানা ভবনে অনশন চালিয়ে আসছিলেন তোবা গ্রুপের পাঁচ কারখানার ষোলশ শ্রমিক।

সরকারের মধ্যস্থতায় বিজিএমইএ বুধবার দুই মাসের বেতন দিলেও তা প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যান অধিকাংশ আন্দোলনকারী।

বিজিএমইএর তথ্য অনুযায়ী বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩২৬ জন কারওয়ানবাজারে গিয়ে বকেয়া বেতন নিয়েছেন।

এর মধ্যেই দুপুরে তোবা শ্রমিকদের সঙ্গে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বের করে দিতে হোসেন মার্কেটে অভিযান শুরু করে পুলিশ।

হোসেন মার্কেটের ষষ্ঠ থেকে ১২ তলা পর্যন্ত তোবা গ্রুপের তিনটি কারখানা রয়েছে। এগুলো হলে তোবা টেক্সটাইল, তায়েব ডিডাইন ও মিতা ডিজাইন। আর মার্কেট সংলগ্ন ফুজি টাওয়ারে রয়েছে তোবা ফ্যাশনস ও বুকশান গার্মেন্টস ।

তোবাকর্মীদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।