বিজিএমইএ প্রায় ফাঁকা
বিজিএমইএ কার্যালয়ে তোবা গ্রুপের দুই মাসের বকেয়া বেতন দেয়া শুরু হলেও শ্রমিকদের উপস্থিতি একেবারেই কম।
বুধবার সকাল ১০টা থেকে কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে বেতন দেয়া শুরুর পর প্রথম ঘণ্টায় বেতন নিতে দেখা যায় মাত্র ছয় জনকে। বেলা ৩টা পর্যন্ত বেতন নেন ১১২ জন।
সকাল থেকে বৃষ্টির কারণে দিনের প্রথম ভাগে শ্রমিকরা আসতে পারেননি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি আতিকুর রহমান।
তিনি বলেন, “বিজিএমইএ কার্যালয়ে আসতে শ্রমিকদের জন্য পাঁচটি বাস প্রস্তুত রাখা রয়েছে। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ধারণা করছি বৃষ্টির জন্য শ্রমিকরা আসতে পারছে না। বৃষ্টি কমে গেলে আসবে।”
তবে বিজিএমইএর সহ সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, “আমরা জানতে পেরেছি, “শ্রমিকরা যখন পাস নিতে কারখানায় গেছেন, তখন আর তাদের বের হতে দেয়া হয়নি। এ কারণেই হয়তো তারা আসতে পারছেন না।”
বিজিএমইএ ভবনে তোবার পাঁচটি কারখানার জন্য পাঁচটি বুথে টাকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের দুই মাসের বেতন বাবদ দুই কোটি ৩৪ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বলে বিজিইএমএ সভাপতি জানান।
তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাইফ ডিজাইনের শ্রমিক রেহেনা ও নিরাপত্তা প্রহরী বেলাল সকালে এসে তাদের বেতন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তারা দুজনেই জানান, বেতন নিতে আসতে কেউ তাদের বাধা দেয়নি।
রেহানা বলেন, “গত রাতে ফ্যাক্টরিতে না থেকে বাসায় ছিলাম। আজ বেতন দেয়া হবে শুনে এসেছি।”
বুধবার বেতন নিতে না পারলে কীভাবে দেয়া হবে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, “আজ ব্যর্থ হলে পরে মালিকের কাছ থেকে হয়তো শ্রমিকরা বেতন নিতে পারবেন।”
বেতন দাবিতে ঈদের আগের দিন থেকে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে তোবার দেড় হাজার শ্রমিক অনশন শুরু করলে বিজিএমইএ দুই মাসের বেতন পরিশোধের বন্দোবস্ত করে। তবে আংশিক বেতন প্রত্যাখ্যান করে কারখানা ভবনেই পুরো বকেয়া পরিশোধের দাবি জানিয়ে আসছিল আন্দোলনরত শ্রমিকরা।
এ বিষয়ে মঙ্গলবার বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তোবা গ্রুপের কারখানাগুলোর কোনো শ্রমিক-কর্মচারী কোনো কারনে মে ও জুন মাসের বকেয়া বেতন/মজুরি গ্রহণের জন্য বুধবার নির্ধারিত সময়ে বিজিএমইএ অফিসে উপস্থিত হতে ব্যর্থ হলে ভবিষ্যতে তার কোনো দায় বিজিএমইএ-এর উপর বর্তাবে না।”
