২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মন্দিরে আগুন, বাড়িতে হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি পারিবারিক মন্দিরে অগ্নিসংযোগ ও হিন্দু বাড়িতে হামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 12:30 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার সরাই হাজীপুর গ্রামের জীবন কুমার সরকারের কালী মন্দিরে ও একই গ্রামের তিনটি হিন্দু বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করেছে।

এরা হলেন, একই গ্রামের মৃত গোলাপ খানের ছেলে মঞ্জিল খান ও মৃত বনিক আলীর ছেলে আব্দুল বারেক।

ওসি রাশেদুল বলেন, রাত ২টার দিকে ১০/১২ জনের একটি দল মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরে থাকা চারটি প্রতিমাসহ মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়।পরে তারা একই গ্রামের সন্তোষ কুমার সরকার, রঞ্জিত দেব ও বরুণ কুমারের বাড়িতে হামলা চালায়। পরে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান আইনুল হককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মঞ্জিল খা ও আব্দুল বারেককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া এ ঘটনায় জীবন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।