আদিবাসী নেত্রীকে ধর্ষণ: আরো ২ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক আদিবাসী নেত্রীর ওপর হামলা ও ধর্ষণের মামলায় স্থানীয় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোমস্তাপুর থানার এসআই মমিনুর রহমান জানান, মঙ্গলবার রাতে জিনারপুর গ্রামে এ অভিযান চালানো হয়। এ নিয়ে এ ঘটনায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হল।
গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজুর রহমান (৫০) ও আনিসুর রহমান (৪৮)।
এর আগে সোমবার রাতে গ্রেপ্তার হন জিয়াউল করিম (৩০), যিনি মামলার এজাহারভুক্ত আসামি। তিন জনকেই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলেও মামলাটির তদন্ত কর্মকর্তা জানান।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, জিনারপুর গ্রামে গত সোমবার বেলা ১২টার দিকে ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করছিলেন জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির এক নেত্রী।
এ সময় সমেশপুর গ্রামের আকতার হোসেন, রেজাউল করিম ও আকবর আলীসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। অস্ত্র দেখে অন্য শ্রমিকরা পালিয়ে যায়।
টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নারীকে অস্ত্রধারীরা পেটায় এবং তিনজনই তাকে পালাক্রমে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় তারা একটি পাওয়ার টিলার, এক জোড়া মহিষ ও একটি শ্যালো মেশিন নিয়ে যায়।
ওসি ফিরোজ বলেন, স্থানীয়রা আহত ওই নেত্রীকে গোমস্তাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার রাতেই ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১৫ জনকে আসামি করে একটি মামলা হয়।
হামলার শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করা হয়েছে বলেও জানান তিনি।
তদন্ত কর্মকর্তা মমিনুর আরো জানিয়েছেন, মামলার অন্য আসামিদের ধরার চেষ্টা অব্যহত রয়েছে।
