২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া বাস ঢুকে গেল মাজারে, নিহত ১

গাজীপুরের টঙ্গীতে দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাজারে ঢুকে গেলে ছিটকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 11:31 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

টঙ্গী থানার এসআই ভিক্টর ব্যানার্জি জানান, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর সেনাকলাণ সংস্থার ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছেন।  

নিহত নুরুল ইসলাম (৫০) রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকার বাসিন্দা। তিনি যাত্রাবাড়ির ‘রহিম ইঞ্জিনিয়ারিং রোলিং মিলের’ শ্রমিক ছিলেন।

ঠাকুরগাঁও-পঞ্চগড়-নারায়নগঞ্জ রুটে চলাচলকারী ‘শিরিন এন্টারপ্রাইজের’ বাসটিতে করে পঞ্চগড় থেকে যাত্রাবাড়ি ফিরছিলেন নুরুল। 

আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয় এক যুবকের অবস্থা গুরুতর, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের টঙ্গী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

আহত দুই জন হলেন- নারায়ণগঞ্জের হাসেন আলী (৩৫), টঙ্গীর কামারপাড়া এলাকার ফরিদা আক্তার (৩২)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতবেগে আসা বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে স্থানীয় ‘উল্টা শাহ মাজারে’ ঢুকে পড়ে। এতে মাজারের প্রাচীর ভেঙ্গে যায়। ধাক্কা খেয়ে বাসের যাত্রীরা ছিটকে পড়লে নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।