কাওড়াকান্দিতে লঞ্চ ধর্মঘট, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
এমএল পিনাক-৬ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় ইজারাদারকে আসামি করার প্রতিবাদে বুধবার সকালে কাওড়াকান্দি ঘাট থেকে প্রায় আড়াই ঘণ্টা লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।
মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ৭টা থেকে কাওড়াকান্দি ঘাট থেকে লঞ্চ ও স্পিডবোটে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়।
পরে জেলার পুলিশ সুপার, শিবচর উপজেলার ইউএনও ও থানার ওসিকে নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলে সকাল সাড়ে ৯টার দিকে আবার পারাপারের ব্যবস্থা করা হয়।
কাওড়াকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘাটের ইজারাদার যাত্রীদের টিকেট কাটার কাউন্টার বন্ধ রাখায় তারা স্পিডবোট চালাতে পারছিলেন না।
কাওড়াকান্দি ঘাটের ইজারাদার আবদুল হাই শিকদার পিনাক-৬ ডুবির ঘটনায় বিআইডব্লিউটিএর করা মামলার আসামি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দেলোয়ার হোসেন।
এ বিষয়ে কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট ঘাটের ইজারাদার আব্দুল হাইয়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এই মুহুর্তে অসুস্থ, পরে কথা বলব।"
