রাঙামাটিতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু
রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় একটি মোমবাতির কারখানায় আগুনে এক নারীর মৃত্যু হয়েছে, আটহত হন একজন।
মঙ্গলবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডে মৃত রহিমা বেগম (৬০) ওই কারখানার মালিক হাসানের মা।
আহত পপি আক্তারকে (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেদভেদীর মুসলিম পাড়ায় হাসানের বাড়ীতে আগুন ধরে।
ওই সময় কারখানার ভেতরে মোমবাতি তৈরির সময় ব্যবহার করা রাসায়নিক থেকে আকস্মিক আগুন ব্যাপক আকার ধারণ করে।
আগুন ছড়িতে পড়লে ঘরের ভেতর থাকা রহিমা বেগম আটকে পড়েন। একই সময় ঘরে ভেতর থাকা তার মেয়ে পপি আক্তারও আগুনে পুড়ে যান।
পরে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে দীর্ঘ প্রষ্টোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গোলাম মোস্তফা জানান, আহত পপিকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কারখানার কেমিকেল থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।
