বিচারক নেই: এগোচ্ছে না মুফতি ইজাহারের মামলা
আদালতে বিচারকের পদ খালি থাকায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারের বিরুদ্ধে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা মামলার কার্যক্রম দ্বিতীয়বারের মত পিছিয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারকের পদটি ২৫ দিন ধরে শূন্য থাকায় মঙ্গলবারও মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।
চট্টগ্রাম মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক না থাকায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে এসিড মামলার নির্ধারিত সাক্ষ্যগ্রহণ হয়নি।
“আগামী ৮ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক জান্নাতুল ফেরদৌস।”
ফাইল ছবি
এর আগে গত ১৫ জুলাই মামলাটির প্রথম শুনানির নির্ধারিত দিনেও সংশ্লিষ্ট আদালতে বিচারক না থাকায় মঙ্গলবার দিন ঠিক করা হয়।
গত ১০ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান অবসরে যাওয়ার পর মঙ্গলবার পর্যন্ত এপদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।
সাবেক চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান দায়িত্ব পালনকালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দেন।
গত ২৫ জুন নগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এসিড আইনের করা মামলায় হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক আছেন। তার ছেলে মুফতি হারুণ ইজাহার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুত এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এঘটনার পর পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
