বরাদ্দ পেলে এক সপ্তাহের মধ্যে সড়ক মেরামত: মেয়র মনজুর
যোগাযোগমন্ত্রীর হতাশা প্রকাশের পর চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম বলেছেন, বরাদ্দ পেলে বন্দর নগরীর ভাঙ্গাচোরা সড়ক এক সপ্তাহের মধ্যে মেরামত সম্ভব।
এ বিষয়ে সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে নগরীর সড়ক সংস্কারের সার্বিক অবস্থা তুলে ধরে মেয়র এ মন্তব্য করেন।
বন্দর নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২২ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন বলেও মেয়ার জানান বলে সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফাইল ছবি
যোগাযোগমন্ত্রীর রোববারের বক্তব্যের বিষয়ে বৈঠকে মনজুর বলেন, “তিনি (মন্ত্রী) চট্টগ্রামবাসীর আত্মীয় ও আপনজন। তার সরাসরি হস্তক্ষেপে চট্টগ্রামবাসী উপকৃত হলে সিসিসিও তার কাছে কৃতজ্ঞ থাকবে।”
গত রোববার নগরীর একটি অনুষ্ঠানে বন্দর নগরীর ভাঙাচোরা রাস্তা ও পরিচ্ছন্নতা নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হতাশা প্রকাশ করে বলেন, ভাঙাচোরা রাস্তা, আর্বজনা, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা ও যত্রতত্র বিলবোর্ড মিলিয়ে চট্টগ্রাম বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
মেয়র বললে নগরীর সড়ক মেরামতে বরাদ্দের ব্যবস্থা করারও আশ্বাসও দেন মন্ত্রী।
সোমবার বৈঠকে মেয়র বলেন, বাজেটের আওতায় সিসিসির জন্য অতিরিক্ত ২২ কোটি টাকার থোক বরাদ্দ চাওয়া হয়। গত ২৬ জুন স্থানীর সরকার মন্ত্রীর কাছে এক উপ-আনুষ্ঠানিক পত্রে এ থোক বরাদ্দ চাওয়া হয়।
“থোক বরাদ্দের অনুকূলে এ টাকা পাওয়া গেলে নগরীর সড়কগুলো জনস্বার্থে যুগোপযোগী উন্নয়ন সম্ভব হবে।”
গত জুন ও জুলাই মাসে প্রবল বর্ষণে নগরীর প্রায় ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। ঈদের আগে এর কিছু অংশ সংস্কার করা হয়।
এ বিষয়ে মেয়র বলেন, পুরনো ও ধারণ ক্ষমতা না থাকায় এবং বর্ষণের সময় অতিরিক্ত যানবাহন চলাচল করায় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
“বৃষ্টির কারণে শুধু ম্যাকাডেম এর কাজ চলছে। গ্রাউন্ডিং ও কার্পেটিং করা হচ্ছে না। ইতিমধ্যে নগরীর বিমানবন্দর সড়ক, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ এক্সেস সড়ক, পিসি রোড, সিডিএ এভিনিউ ও ডিটি রোড তিন দফা মেরামত করা হয়েছে।”
মেয়র মনজুর বলেন, নতুন এসফল্ট প্ল্যান্ট ক্রয়, মেরামত ও কার্পেটিং এর জন্য প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যা একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
সিসিসি’র নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মনিরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ‘এসফল্ট প্ল্যান্ট’ কেনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে প্রায় আট মাস আগে। প্রকল্পটি একনেকে আছে।
“সিসিসির নিজস্ব তহবিল থেকে সড়ক মেরামতে প্রতি বছর আট কোটি টাকা খরচ করা হয়। এবারও সে তহবিল থেকে কাজ হচ্ছে। বৃষ্টির কারণে মেরামত করলেও টিকছে না। বৃষ্টি না হলে অল্প সময়ের মধ্যেই সব সড়ক মেরামত সম্ভব।”
