২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপস্থিতিতে বাল্যবিয়ে

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অমান্য করে ফরিদপুরে এক কিশোরীর (১৬) বিয়ে দিয়েছেন অভিভাবকরা, যেখানে থানা পুলিশ উপস্থিত ছিল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 08:00 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার বোয়ালমারী উপজেলার নয়ানিপাড়া গ্রামে এ বিয়ে সম্পন্ন হয়।

এলাকাবাসী জানান, বোয়ালমারীর দুর্গাপুর গ্রামের আব্দুল ওহাব মোল্লার ছেলে বাবলু মোল্লার সঙ্গে রোববার একই উপজেলার নয়ানিপাড়া গ্রামের কিশোরী উমরনগর-চন্দনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর (পরিচয় প্রকাশ করা হলো না) বিয়ের দিন ধার্য হয়।

খবর পেয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ওই মেয়ের বাবাকে নিজ কার্যালয়ে ডেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করান।

আদালতের কাছে মেয়েটির বাবা অজ্ঞাতার কারণে তার ষোল বছরের মেয়ের বিয়ে দিচ্ছিলেন জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

আদালত কনের বাবার কাছ থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে না দেয়ার মুচলেকা নেয় এবং এক হাজার টাকা জরিমানা আদায় করে।

এলাকাবাসী আরো জানান, আদালতের বিচারের পর বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক বদিউজ্জামান চৌধুরীসহ কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে রোববার ওই বর-কনের বিয়ে সম্পন্ন হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯২৯ এর ৬ ধারা মোতাবেক মেয়ের বাবার কাছ থেকে বিয়ে না দেয়ার মুচলেকা নিয়ে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মোল্লা বলেন, মেয়টি এ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলের রেজিস্ট্রেশন কার্ড মোতাবেক তার জন্ম তারিখ ১ নভেম্বর ১৯৯৯ খ্রিস্টাব্দ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক বদিউজ্জামান চৌধুরী বলেন, “বিয়ের কোনো ঘটনার সঙ্গে আমরা সম্পৃক্ত নই। এমনকি বিয়েবাড়িতে কোনো খাদ্যও গ্রহণ করিনি।”

তিনি বলেন, ওই এলাকায় ২/৩ দিন আগে মারামারির ঘটনায় মামলা হয়। বোয়ালমারী থানার ওসির নির্দেশে তিনি ফোর্স নিয়ে ওই এলাকায় শান্তি শৃঙ্খলার রক্ষার কাজে যান।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী বলেন, “সারা দেশে এত বাল্যবিবাহ হচ্ছে, তা নিয়ে কারো মাথাব্যথা নেই। এই ঘটনা নিয়ে সাংবাদিকদের এত উৎসাহ কেন?”

পরে তিনি বিয়েবাড়িতে পুলিশের উপস্থিতি প্রসঙ্গে বলেন, ওখানে একটি মারামারির ঘটনা তদন্ত করতে পুলিশ পাঠিয়েছিলেন।