না’গঞ্জে দুর্ঘটনা: নিহতদের বাড়িতে মাতম
নারায়ণগঞ্জে ট্রাক উল্টে নিহতদের মধ্যে পাঁচ জন হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার বিরিঞ্চি এলাকায়।
পত্নীতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম জানান, এ পাঁচ শ্রমিকের লাশ সোমবার সকালে তাদের গ্রামের বাড়ি পৌঁছেছে। এদের মধ্যে চার জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের এবং একজন হিন্দু।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহ বাড়ি পৌঁছার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।
ইউএনও শরিফুল ইসলাম, পত্নীতলা থানার ওসি রফিকুল ইসলাম, মাটিন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক এ সময় উপস্থিত ছিলেন।
শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনায় নিহত হন বিরিঞ্চি গ্রামের ধনেশ ওড়াও, স্বপন ওড়াও, সুশীল পাহান, মহেন্দ্র পাহান ও রিপন বর্মন।
ইউএনও শরিফুল ইসলাম নিহতের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ সংকারের জন্য পাঁচ হাজার টাকা করে প্রদান করেন।
তিনি জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ১৫ হাজার করে টাকা দেয়া হবে এবং পরিবারগুলোর পুনর্বাসনে খাসজমি প্রদানসহ সম্ভব সব ধরনের সহায়তা করা হবে।
এছাড়া ওই দুর্ঘটনায় আহত দুই যুবক মাহিন্দ্র ও সুবলের চিকিৎসারও ব্যবস্থা নেয়া হবে বলে ইউএনও জানান।
নিহতদের স্বজনরা জানান, এরা সবাই চট্টগ্রাম বন্দরে কাজ করতেন। ঈদের ছুটি শেষে একটি সবজি বোঝাই ট্রাকে করে কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন।
ওই রাতে দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন। গুরুতর আহত হন পাঁচজন।
