২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

চাঁদপুর শহরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক রিকশা চালককে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 11:26 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

চাঁদপুর সদর মডেল থানার এসআই বিমল জানান, রোববার গভীর রাতে শহরের প্রফেসর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগমের (২৬) বাবার বাড়ি চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকার ছৈয়াল বাড়িতে।

তার স্বামী আজাদ গাজীর (৩৫) দেশের বাড়ি নাটোর জেলার বড়াই গ্রামে।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে নাজমা ও আজাদের বিয়ে হয়। সিয়াম নামে দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে এই দম্পতির।

স্থানীয়রা জানায়, দরিদ্র এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও তারা কলহে জড়ায় এবং আজাদ তার স্ত্রীকে বেদম মারধর করেন।

এসআই বিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেটানোর কারণেই নাজমার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আত্মহত্যা হিসাবে দেখানোর জন্য আজাদ স্ত্রীর লাশ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।”

ভোরে মায়ের লাশ দেখে সিয়াম কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। আজাদ এ সময় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় বলে জানান বিমল।

নাজমার লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।