২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের পর এক পোল্ট্রি ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 10:07 AM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রোববার বিকাল ৩টার দিকে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী আবদুর রউফকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে তার ভাই আবদুল মান্নানের দাবি। মান্নান রাতেই এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আবদুর রউফ সাংবাদিকদের বলেন, রোববার বিকালে ব্যাংকে জমা দেয়ার জন্য ২০ লাখ টাকা নিয়ে নিজের অফিস থেকে বের হন তিনি। ওই সময় একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে ওঠার পরপরই তিনি সংজ্ঞা হারান।

সন্ধ্যার পর চেতনা ফিরে পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় রাস্তার পাশে নিজেকে পড়ে থাকতে দেখেন বলে দাবি করেন রউফ।

তিনি বলেন, সংজ্ঞা ফেরার পর সঙ্গের টাকার ব্যাগটি তিনি আর পাননি। যারা তাকে ‘গাড়িতে তুলেছিল’ তাদেরও তিনি চিনতে পারেননি।

তবে কোনো ব্যক্তিকে রাসায়নিক ব্যবহার করে অচেতন করা হলে ‘এতো দ্রুত তার সুস্থ হওয়ার কথা নয়’ মন্তব্য করে বিষয়টিকে ‘রহস্যজনক’ হিসাবে উল্লেখ করেছেন পুলিশ পরিদর্শক রফিক।

তিনি বলেন, “ব্যবসায়ী দাবি করছেন, তাকে অজ্ঞান করে টাকা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। কিন্তু আবদুর রউফ বিকালেই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।”

এই পুলিশ কর্মকর্তা বলেন, “অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যবসায়ীকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।"