হেফাজতে নির্যাতন: সিলেটে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা
সিলেটে পুলিশ হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানার সাময়িক বরখাস্ত ওসিসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
‘নির্যাতিত’ কামাল আহমদ চৌধুরীর ভাই শামীম আহমদ চৌধুরী রোববার রাত ১০টার দিকে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
থানার ওসি মনিরুল ইসলাম জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে কোতোয়ালির সাময়িক বরখাস্ত হওয়া ওসি আতাউর রহমানকে।
এছাড়া পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিক, উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের ও কনস্টেবল অধির চন্দ্রসহ অজ্ঞাতপরিচয় আরো ৪/৫ জনকে আসামি করেছেন বাদী।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, গত ১৭ জুলাই ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে কোতোয়ালি থানার হাজতে নিয়ে আসামিরা নির্যাতন করেন বলে বাদীর অভিযোগ।
ওই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী গত ২৪ জুলাই হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গনির বেঞ্চ পুলিশ মহা পরিদর্শক ও সিলেটের পুলিশ কমিশনারকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মামলা করার নির্দেশ দেন।
এরপর ঘটনা তদন্তে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে উপ-কমিশনার আকরাম হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
থানা হাজতে পুলিশি নির্যাতনের অভিযোগে গত ২৭ জুলাই ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।
