সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করতে বলেছে অধিদপ্তর।
