২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ডায়রিয়া আক্রান্ত বাড়ছে

চুয়াডাঙ্গা পৌরসভার তিনটি মহল্লার ডায়রিয়া আক্রান্ত আরো ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:18 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

রোববার বেলা ২টা পর্যন্ত এ নিয়ে ২১০ জন ডায়রিয়ার রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়া, মাঝেরপাড়া ও বাগানপাড়ার বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি থেকে এলাকায় ডায়রিয়া ছড়াচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদ রানা জানান, গত শুক্রবার রাত থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি হন মোট ১৩০ জন ডায়রিয়া রোগী। রোববার দুপুর ২টা পর্যন্ত আসে আরো ৮০ জন।

তিনি বলেন, “হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝে ও ডাক্তারদের সম্মেলন কক্ষ রোগীদের জন্য খুলে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা হাসপাতালগুলো থেকে নার্সসহ অন্যান্য লোকবল নিয়ে এসেছে।”

এলাকাবাসী জানায়, গত দুদিন ধরে পৌর এলাকার ওই তিনটি মহল্লার পানি পান করতে গিয়ে অন্যরকম মনে হতে থাকে। মাঝে মধ্যে দুর্গন্ধও দেখা দেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি বাগানপাড়ার নাসরিন আক্তার বলেন, “পৌরসভার পানি পান করেই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন সকলেই। বাগানপাড়ার প্রায় প্রতি বাড়িতেই ৩-৪ জন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।”

একই এলাকার রাহেলা খাতুন বলেন, “পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর থেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছি। অনবরত বমি ও পাতলা পায়খানা হচ্ছে।”

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন বলেন, ওই তিনটি এলাকার পানির লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পানির পাম্প ওয়াস করা হয়েছে। জীবনুনাশক ওষুধ ব্যবহার করা হয়েছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, শহরে মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে।