২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক মজুরি ৩০০ টাকা করাসহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের কয়েকটি চা বাগানের শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 02:55 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার দুপুরে মালনীছড়া চা বাগান এলাকায় বাংলাদেশ চা শ্রমিক সংঘ উত্তর ভ্যালি আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচির পর জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।

চা শ্রমিকদের নয় দফা দাবির মধ্যে রয়েছে- দৈনিক মজুরি ৩০০ টাকা, শ্রমিকদের বসবাসের ঘর নির্মাণ, সুপেয় পানীয় জলের ব্যবস্থা, এক মাস ধরে বন্ধ কালাগুল চা বাগান চালু, কালাগুল বাগানের শ্রমিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার চা শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহার, বাগানে এমবিবিএস ডাক্তার রেখে স্বাস্থ্য সেবা দেয়া, বাগানে মসজিদের রাস্তা নির্মাণ, মন্দির নির্মাণ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবস্থা করা।

এসব দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে মালনীছড়া চা বাগান থেকে মিছিল করে স্মারকলিপি নিয়ে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

পরে বাগানের মণ্ডপে বিক্ষোভ সমাবেশে শেষে চা শ্রমিক সংঘের ১০ প্রতিনিধি গিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।

সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির এই সময়ে দৈনিক ৬৯ টাকা মজুরি চা শ্রমিকদের জন্য উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

“শ্রমিকদের ঘামে মালিকরা সম্পদের পাহাড় গড়ে তুললেও ন্যূনতম সুযোগ সুবিধা থেকে আমাদের বঞ্চিত রাখা হচ্ছে।”

তারা বলেন, স্বল্প মজুরি দিয়ে পরিবার-পরিজনদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিনকাটাতে হচ্ছে শ্রমিকদের।

সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক সংঘ উত্তর ভ্যালির আহ্বায়ক রাধামনি মুণ্ডা, যুগ্ম-আহ্বায়ক সুজন মিয়া, জয় মহাত্ম কুর্মি ও অন্যরা বক্তব্য রাখেন।