ময়মনসিংহে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় পথচারী দুই নারী নিহত হয়েছেন।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার সকাল ৭টার দিকে মহাসড়কে হবিরবাড়ি এলাকায় মাস্টারবাড়ি স্কয়ারের সামনে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের মৃত আবদুল কাদেরের স্ত্রী সালেহা খাতুন (৬০) এবং তার ছেলের বউ লতা আক্তার (২২)। লতার স্বামীর নাম লাল মিয়া।
দুর্ঘটনার খবর পেয়ে মাওনা মহাসড়ক থানার পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই থানার ওসি মো. সানোয়ার হোসেন।
তিনি জানান, নিহত সালেহা তার এক ছেলের বউ লতাকে নিয়ে ছোট ছেলে রিপনের কাছে বেড়াতে এসেছিলেন।
রিপন হবিরবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বেড়ানো শেষে রোববার সকালে বাড়ির উদ্দেশে যাত্রা করেছিলেন তারা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ভালুকার ওসি জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি বাস মাস্টারবাড়ি স্কয়ার এলাকায় ওই দুই নারী পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
চালক ও বাসটিকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
