যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'ঈদ উৎসব'
রমজান মাস শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ট্রাফালগার স্কয়ারে ঈদ পুনর্মিলনীতে সমবেত হয়েছিলেন কয়েক হাজার মানুষ।
সোমবার লন্ডনের স্থানীয় সময় বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত মুসলিম সম্প্রদায় ছাড়াও সব জাতি-ধর্মের মানুষ যোগ দেন।
লন্ডনের মেয়র আয়োজিত এই 'ঈদ উৎসব'-এ মঞ্চে নানা ধরনের অনুষ্ঠানের পাশাপাশি হস্তশিল্প, ক্যালিগ্রাফি, ফেইস পেইন্টিংসহ নানা আয়োজন ছিলো।
মুসলিম বিশ্বের নানা দেশের খাবার নিয়ে 'খাবার প্রদর্শনী' ছিলো এবছরের এই ঈদ পুনর্মিলনীর বিশেষ আকর্ষণ। তুরস্ক, মিসর, মরোক্কো, ইন্দোনেশিয়া ও লেবাননসহ নানা দেশের নাগরিকরা তাদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেন। মালয়েশিয়ার খাদ্যপণ্য ও রান্নারও বিশেষ প্রদর্শনী হয়।
মঞ্চে চলেছে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মুসলিম পোশাকের মিশেলে তৈরি নতুন ডিজাইনের পোশাক নিয়ে ফ্যাশন শো।
এছাড়া মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভূ-মধ্যসাগরীয় ও আলজেরিয়ান সঙ্গীত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে উঠেছিল সরগরম।
সঙ্গীতের পাশাপাশি মঞ্চে চলেছে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নাচও।
প্রতিবছর লন্ডনের মেয়র দেশটির ঈদ কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
