বেনাপোল-ঢাকা টিকিট শেষ, যাত্রীরা বিপাকে
বেনাপোল-ঢাকা বাসের অগ্রিম টিকেট বিক্রি হয়ে যাওয়ায় ভারত থেকে আসা যাত্রীসহ ঈদের পর রাজধানীমুখী মানুষ দুর্ভোগে পড়েছে। এ অবস্থা অন্তত ৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্টরা জানান।
শনিবার বেনাপোল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকামুখী শত শত যাত্রী বাসের টিকিট না পেয়ে বিকল্প উপায় খুঁজছে। কেউ মাইক্রোবাস, কেউবা প্রাইভেট কার প্রভৃতি নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার চেষ্টা করছে।
সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক সহিদুল ইসলাম জানান, হঠাৎ করে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনেক যাত্রী বাসের টিকিট না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কার রিজার্ভ করে ঢাকা যাচ্ছে।
ঢাকার একটি কোম্পানির প্রকৌশলী শার্শার এস এম শাহিন জানান, রোববার তার অফিস শুরু হচ্ছে ঈদের পর। কিন্তু শনিবারের বাসের কোনো টিকিট না পেয়ে বিকল্প রাস্তায় ঢাকায় যাচ্ছেন তিনি।
গাজীপুরের একটি সোয়েটার কারখানার অপারেটর বেনাপোলের অভয়বাস গ্রামের গৃহবধূ মুনিরা খাতুন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদের আগে বাড়ি আসার সময় টিকিট কাটতে অনেক বেগ পেতে হয়েছে। এখন যাওয়ার টিকিট পাচ্ছি না, অথচ রোববার কাজে যোগ দিতে হবে।”
যাত্রীদের অভিযোগ, ঈদের অজুহাত দেখিয়ে বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে শনিবার রাত সাড়ে ৯টায় ঈগল পরিবহনের বেনাপোল অফিসের ব্যবস্থাপক এম আর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে, তবুও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, সরকার নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে।
তিনি দাবি করেন, এতদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ৭০ টাকা কম নেয়া হতো। এখন ওই কম নেয়া হচ্ছে না। তাই ৭০ বেশি নেয়া হচ্ছে বলে অভিযোগ করছে যাত্রীরা।
৫ অগাস্ট পর্যন্ত ঢাকার সকল টিকিট বিক্রি হয়ে গেছে বলেও তিনি জানান।
বেনাপোলে হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, “তুলনামূলকভাবে ভাড়া বাড়ানো হয়নি। বর্তমানে তেলের মূল্য, ফেরি ভাড়া বৃদ্ধি হয়েছে। তারপরও ঢাকা থেকে এখন খালি গাড়ি আসছে বিধায় নির্ধারিত ভাড়ার চেয়ে টিকিটপ্রতি ৭০ টাকা বেশি নেওয়া হচ্ছে।”
এটা ১০ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।
