মহাসড়কে সিসি ক্যামেরা
যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া।
আগামী ঈদুল আযহার আগেই এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
আছাদুজ্জামান মিয়া শনিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, রাস্তার যানজট ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কালিয়াকৈরের চন্দ্রা মোড়, আশুলিয়ার বাইপাইল, সাভার, টাঙ্গাইলের মির্জাপুরসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।
তার সঙ্গে থাকা হাইওয়ে পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদে ঘরমুখো মানুষ যেভাবে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছেন, ঈদের পরেও তারা যেন আরো নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
