চট্টগ্রামে গাড়িচাপায় কাঠুরিয়া নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় গাড়ি চাপায় এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ওই দুর্ঘটনায় শাহ আলম (৫৫) মারা যান।
নিহত শাহ আলম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত আমিরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় পাহাড়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতেন।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার সার্জেন্ট জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি যান শাহ আলমকে চাপা দেয়।
"এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। কোন গাড়ি বা কী ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে তা জানা সম্ভব হয়নি।”
