২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাট দিয়ে পিটিয়ে স্ত্রী হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীর রায়েরবাগে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 07:31 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শনিবার দুপুর আড়াইটার দিকে ওই ঘটনায় নিহতের নাম পান্না আক্তার মিতা (২১) বলে যাত্রাবাড়ী থানার ওসি অবনি শঙ্কর কর জানিয়েছেন।

তিনি বলেন, "স্বামী আনিসুর রহমান (৩০) ও দেড় বছরের ছেলে আলভিকে নিয়ে মিতা পশ্চিম রায়েরবাগের ৪১ নম্বর বাসায় থাকতেন। দাম্পত্য কলহের জের ধরে দুপুর আড়াইটার দিকে ক্রিকেট ব্যাট দিয়ে স্ত্রী মিতার মাথায় আঘাত করে তাকে হত্যা করে আনিস।”

ওসি অবনি শঙ্কর জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে দুপুর সাড়ে তিনটার দিকে আনিসকে গ্রেপ্তার করে।

নিহতের ছোটভাই মো. রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপা কয়েক বছর আগে যাত্রাবাড়ীর ধনিয়া কলেজ থেকে এইচএসসি পাস করার পর টিউশনি করে সংসার চালাতেন।

"দুলাভাই আগে ফেনসিডিলের নেশা করলেও কয়েকমাস আগে ছেড়ে দিয়েছিল। দুপুরে দুইজনের ঝগড়া হলে দুলাভাই আপার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।"

রিফাত জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কাজীর খান গ্রামে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মিতা ছিলেন সবার ব্ড়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বিকেল ৪টার দিকে মিতাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে একটি মামলা দায়েরের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা অবনি শঙ্কর।