২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখন একটু স্বস্তি’

স্বজনদের সঙ্গে ঈদ করতে বিপুল সংখ্যাক মানুষ ঢাকা ছাড়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:51 PM

সোমবার ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবস ছিল রোববার। তবে গত বৃহস্পতিবার থেকেই মূলত রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ।

চাকরিজীবীদের অনেকেই রোববার ছুটি নেয়ায় শুক্রবার থেকে রাজধানীর বাস-ট্রেন-লঞ্চমুখ জনস্রোত শুরু হয়।

ফলে ঈদের অন্তত দুই দিন আগে রোববারের মধ্যেই ঢাকায় জনকোলাহল অনেকটা কমে আসে। সোমবার সকাল থেকে ঢাকা যেন পরিণত হয় ভিড় আর যানজটমুক্ত নতুন এক শহরে।

গাড়ির চাপ কম থাকায় অনেক ভিআইপি সড়কও রিকশা চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

মতিঝিল এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শাহজাহান বলেন, “পুরো মতিঝিল এখন ফাঁকা। গত এক মাসে শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে.. আজ একটু স্বস্তি পাচ্ছি।”

অবশ্য গুলিস্তান এলাকার চিত্র খুব বেশি বদলায়নি। সেখানে যানবাহন আর মানুষের চাপ যেমন আছে, তেমনি মার্কেট থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সবখানে চলছে ঈদের কেনাবেচা।

এ এলাকায় ট্রাফিক পুলিশের পরিদর্শক নুরুন্নবী মৃধা বলেন, “গুলিস্তানে ও ফ্লাইওভারের কাছে গাড়ির চাপ আছে। ঢাকার অন্য এলাকা ফাঁকা হলেও এখানে আমাদের কাচের চাপ কমেনি।”

‘ফাঁকা’ রাজধানীতে সব ধরনের অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।”

রাজধানীর সড়কগুলো অনেকটা ফাঁকা হয়ে গেলেও বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় দেখা গেছে সোমবারও।

সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরনী নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. সোলায়মান জানান, রোববার সদরঘাট থেকে ১৩৪টি লঞ্চ ছেড়ে গেছে। আর সোমবার দুপুর পর‌্যন্ত গেছে ৩৫টি লঞ্চ।

ওই সময় পর্যন্ত যাত্রীদের চাপ থাকলেও তা রোববার বিকালের মতো না বলে জানান তিনি।

ঢাকার অধিকাংশ বিপনী বিতানেও ভিড় কমে গেছে। বিক্রেতারা এখন অপেক্ষায় আছেন চাঁদ রাতের বেচাকেনার জন্য।