সাত খুন: র্যাব-১১ এর সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র্যাব-১১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এএসপি) মেহেদী শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ করছে হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
বৃহস্পতিবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটি।
এর আগে তদন্ত কমিটি নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, প্রত্যাহার করা ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি ও জড়িত অভিযোগে গ্রেপ্তার র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।
এছাড়া গণশুনানিতে সাধারণ মানুষ, আইনজীবী ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাক্ষ্য নেয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।
শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন। পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন।
র্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দিও দেন।
