২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলা বন্ধের দাবি চট্টগ্রাম খেলাঘরের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে শিশু সংগঠন খেলাঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় বোমা হামলার পাশাপাশি  স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি ট্যাংক বহরের হামলায় প্রতিনিয়ত শিশু, নারীসহ সাধারণ মানুষ মারা যাচ্ছে।

কিন্তু জাতিসংঘসহ বিশ্বের পরাশক্তিগুলো এই হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

খেলাঘর নেতৃবৃন্দ অবিলম্বে হামলা বন্ধে জাতিসংঘসহ আর্ন্তজাতিক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

খেলাঘর চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবৃত্তিকার রণজিৎ রক্ষিত, শিক্ষকনেতা অধ্যাপক উত্তম চৌধুরী, কবি কামরুল হাসান বাদল, সাংবাদিক খোরশেদ আলম, মহিলা পরিষদ নেত্রী সিতারা শামীম, খেলাঘরের কেন্দ্রীয় নেতা রথীন সেন, প্রদীপ ভট্টাচার্য, ইমাম হোসেন স্বপন, সমাজ সমীক্ষা সংঘের আহমেদ সাইফুদ্দিন খালেদ খসরু প্রমুখ।

মানববন্ধন শেষে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক ঘোরে।

কর্মসূচিতে খেলাঘরের বিভিন্ন শাখা আসরের ‘ভাইবোনেরা’ও অংশ নেন।